পবিত্র শবে কদর পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল বুধবার দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হয়েছে। দেশের মুসলমান সম্প্রদায় মহান আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রার্থনা ও পুণ্যলাভের আশায় রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহিমান্বিত এ রাত কাটান। ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে, বাসায় ও ইবাদতখানায় শবে কদরের নফল নামাজ আদায় করেন। তাঁরা জিকির-আজকার ও পবিত্র কোরআন তিলাওয়াত করেন। অনেকে রাতে বাবা-মা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।বায়তুল মোকাররম মসজিদে গতকাল মাগরিবের নামাজের পর থেকে হামদ, নাত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর ‘শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শেষে বিশেষ মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। মোনাজাতে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন।এ ছাড়া গতকাল তারাবির নামাজের পর মসজিদে মসজিদে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। প্রায় সব মসজিদেই তারাবির নামাজে পবিত্র কোরআন খতম সম্পন্ন হওয়ায় বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।লাইলাতুল কদর উপলক্ষে আগেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। তাঁরা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে এই মহিমান্বিত রাত উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।