পবিত্র শবে বরাত পালিত

সৌভাগ্যের রজনী পবিত্র ‘শবে বরাত’৷ এ রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন৷ শুক্রবার দিবাগত রাতটিই ছিল মহিমান্বিত সেই রাত৷ রাত জেগে নফল নামাজ, জিকির-আসকার, পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত পালন করেছেন৷
হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাত বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত৷ এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহ তাআলার দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করেছেন৷ অনেকে গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থেকে শেষ রাতে সেহরি খেয়ে গতকাল শনিবার নফল রোজা রেখেছেন৷
শাবান মাসের পরই আসে পবিত্র মাহে রমজান৷ শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে৷ বস্তুত শবে বরাতের মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি৷
শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী ঢাকার পাড়া-মহল্লার প্রতিটি মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন৷ সারা দেশেই মসজিদে ইবাদতের পাশাপাশি এ রাতের ফজিলত ও বিশেষত্ব বর্ণনা করে আলোচনা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়৷
অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন৷