পবিত্র শবে বরাত পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাত উপলক্ষে গত রোববার দিবাগত রাতে মহান সৃষ্টিকর্তার কাছে মাগফিরাতসহ অন্যান্য দোয়া কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবিটি ফজরের নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে তোলা l প্রথম আলো
পবিত্র শবে বরাত উপলক্ষে গত রোববার দিবাগত রাতে মহান সৃষ্টিকর্তার কাছে মাগফিরাতসহ অন্যান্য দোয়া কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবিটি ফজরের নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে তোলা l প্রথম আলো

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ইবাদত-বন্দেগির ভেতর দিয়ে রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মুসলিম সম্প্রদায় এই মহিমান্বিত রজনীতে ব্যক্তিগতভাবে নিজের জীবনের পাপ মার্জনার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সকরুণ প্রার্থনা করেছেন। একই সঙ্গে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বশান্তির জন্যও দোয়া করেছেন।
মুসলিম সম্প্রদায় শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। বরাবরের মতো এবারও রাজধানীতে রোববার সন্ধ্যা থেকেই মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয়। মাগরিবের জামায়াতের পর থেকে শুরু হয় ধর্মীয় আলোচনা, হামদ, নাত, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও মিলাদ মাহফিল। আলোচনায় আসন্ন রমজান মাসের ফজিলত ও রোজা রাখার প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পায়।
মসজিদ ছাড়া বাসাবাড়িতেও ধর্মপ্রাণ লোকেরা সন্ধ্যার পর থেকেই নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে আত্মমগ্ন হয়ে পড়েন। অনেকে সন্ধ্যায় কবরস্থানে গিয়ে চিরনিদ্রায় শায়িত আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
নফল ইবাদত ছাড়াও বাড়িতে বাড়িতে এদিন রাতে হালুয়া, পায়েস, ফিরনি, রুটিসহ উপাদেয় খাবার রান্না করা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের বাড়িতে এবং গরিব-দুঃখীদের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন রাতভর কর্মসূচির আয়োজন করে। ঢাকা ও আশপাশের এলাকার হাজার হাজার মুসল্লি এই কর্মসূচিতে অংশ নেন। বাদ ফজর সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশ, জাতি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়।