পবিত্র শবে মিরাজ পালিত
নফল নামাজ, জিকির-আসকার, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া-দরুদ পাঠসহ ঐচ্ছিক ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও গতকাল বৃহস্পতিবার পবিত্র শবে মিরাজ পালন করেছেন। গতকাল মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও দোয়া হয়। এতে বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দীনসহ বিশিষ্ট ওলামায়ে কেরামরা ওয়াজ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ঊর্ধ্বলোকে পরিভ্রমণের ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার স্মারক শবে মিরাজ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। বিশেষ ফজিলতের আশায় ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মপ্রাণ অনেক নারী-পুরুষ নফল রোজা রাখেন।
এই রাতেই হজরত মুহাম্মদ (স.) পবিত্র মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। তিনি প্রথমে কাবা শরিফ থেকে বোরাক নামের বাহনে যাত্রা করে ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাস মসজিদে যান। সেখানে অন্যান্য নবী-রাসুলের সঙ্গে তাঁর ইমামতিতে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর ঊর্ধ্বলোকে সফর শুরু করেন। এ সময় তিনি নভোমণ্ডল, বেহেশত-দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন। সপ্ত আসমান পেরিয়ে তিনি আরশে আজিমে ধনুক পরিমাণ দূরত্বে থেকে মহান আল্লাহ পাকের দিদার লাভ করেন এবং কথা বলেন। শবে মিরাজের এ সফরেই উম্মতে মোহাম্মদীর জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হয়।