পবিত্র শবে মিরাজ পালিত
জিকির-আসকার, দান-খয়রাত, রাত জেগে নফল নামাজ আদায়ের মতো ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশের মুসলমানরাও গতকাল সোমবার পবিত্র শবে মিরাজ পালন করেছেন।
শবে মিরাজ উপলক্ষে গতকাল ইসলামিক ফাউন্ডেশন বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিলের আয়োজন করে৷ বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি৷
এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্ত আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে ফের পৃথিবীতে ফিরে আসেন। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অতি পবিত্র।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রথমে কাবা শরিফ থেকে বোরাক নামের বাহনে চড়ে ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাস মসজিদে যান। সেখানে মহানবী (সা.) অন্যান্য নবী-রাসুলের সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং এতে নিজে ইমামতি করেন। এরপর ঊর্ধ্বলোকে সফর শুরু করেন। এ সময় তিনি নভোমণ্ডল, বেহেশত-দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ লাভ করেন। সপ্ত আসমান পেরিয়ে তিনি আরশে আজিমে ধনুক পরিমাণ দূরত্বে থেকে মহান আল্লাহ পাকের দিদার লাভ করেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাঁর কথোপকথন হয়।
এই সফরেই উম্মতে মুহাম্মদীর জন্য প্রতিদিন ৫০ ওয়াক্ত নামাজ প্রথমে নির্ধারিত হলেও পরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হয়। নবীজিকে আল্লাহ পাক এই সুসংবাদ দেন যে, যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাঁকে ৫০ ওয়াক্ত নামাজেরই পুণ্য দেওয়া হবে।