পবিত্র শবে মিরাজ পালিত
গতকাল বুধবার ২৬ রজব দিবাগত রাতে (২৭ রজব) পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মিরাজের তাৎপর্য অত্যন্ত মর্যাদাপূর্ণ।বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানেরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং রাত জেগে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন।বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মদ আফজাল জানান, ইসলামি রীতি অনুসারে ২৬ রজব বুধবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ওই দিনটি শেষ হয়েছে এবং দিবাগত রাতেই পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। ইসলাম ধর্ম অনুসারে ২৬ রজব দিবাগত রাতে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) বোরাক নামের একটি স্বর্গীয় বাহনে আরোহণ করে সশরীরে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন। এ সময় তিনি উম্মতের (অনুসারী) জন্য আল্লাহ পাকের তরফ থেকে দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের নির্দেশ এনেছিলেন। মুসলমানদের ধর্মগ্রন্থ আল-কোরআনের সূরা আল ইসরাতে মিরাজ সম্পর্কে উল্লেখ রয়েছে। পবিত্র শবে মিরাজ উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদে ছিল মিরাজের তাৎপর্য নিয়ে আলোচনা, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়া ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ ও পাপ মোচনের জন্য নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।