পবিত্র শবে মিরাজ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিকির-আসকার, দান-খয়রাত, রাত জেগে নফল নামাজ আদায়ের মতো ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশের মুসলমানরাও গতকাল রোববার পবিত্র শবে মিরাজ পালন করেছেন।এই রাতেই মহানবী হজরত মোহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে ফের পৃথিবীতে ফিরে আসেন। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র।মহানবী (সা.) প্রথমে কাবা শরিফ থেকে বোরাক নামের বাহনে যাত্রা করে ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাস মসজিদে যান। সেখানে মহানবী (সা.) অন্যান্য নবী-রাসুলের সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং এতে নিজে ইমামতি করেন। এরপর ঊর্ধ্বলোকে সফর শুরু করেন। এই সময় তিনি নভোমণ্ডল, বেহেশত-দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ লাভ করেন। সপ্ত আসমান পেরিয়ে তিনি আরশে আজিমে ধনুক পরিমাণ দূরত্বে থেকে মহান আল্লাহ পাকের দিদার লাভ করেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাঁর কথোপকথন হয়। এই সফরেই উম্মতে মোহাম্মদির জন্য প্রতিদিন ৫০ ওয়াক্ত নামাজ প্রথমে নির্ধারিত হলেও পরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হয়। নবীজিকে আল্লাহ পাক এই সুসংবাদ দেন যে, যে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকে ৫০ ওয়াক্ত নামাজেরই পুণ্য দেওয়া হবে। পবিত্র এই রাতে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। এই রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদশরিফ পাঠ করে নিজের পাপমোচন ও প্রয়াত পিতা-মাতা, আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনা করেছেন। অনেকে স্বজনের কবর জিয়ারত করেছেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়েছে এই অপার মহিমাময় রাতে।