আগামী হজে অনলাইন নিবন্ধন ও এমআরপি বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন নিবন্ধন এবং যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করে পবিত্র হজ প্যাকেজ-২০১৫-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২২ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হবে। 

অনুমোদিত খসড়া অনুযায়ী আগামী বছর হজে যাওয়ার জন্য অনলাইনে নিবন্ধন এবং এমআরপি পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আগামী বছরের ২১ জানুয়ারি থেকে অনলাইনে হজ পালনে নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি। আগামী বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন যাবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য দুটি প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম প্যাকেজে কোরবানি বাদে থাকা-খাওয়াসহ মোট খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। দ্বিতীয় প্যাকেজে কোরবানি বাদে সম্ভাব্য ব্যয় দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এ ছাড়া কোরবানি বাবদ প্রত্যেক হজযাত্রীকে ১০ হাজার ৫০০ টাকা আলাদাভাবে নিতে হবে।

মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ-২০১৪ খসড়া উত্থাপন করা হলেও তা আরও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। ওই খসড়ায় ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের মেয়াদ ছয় মাসের পরিবর্তে এক বছর করার প্রস্তাব ছিল। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন সংশোধন আইন-২০১৪-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।