পবিত্র হজে শরিক হলেন ২০ লাখ মুসলমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাতের ময়দানে গতকাল জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। তাঁরা সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করেন l ছবি: এএফপি
আরাফাতের ময়দানে গতকাল জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। তাঁরা সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করেন l ছবি: এএফপি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে গতকাল বুধবার পবিত্র হজ পালন করেছেন। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ।
গতকাল সূর্যোদয়ের পর লাখ লাখ হাজি মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানের দিকে। ট্রেন, বাস আর হেঁটে তাঁরা আরাফাতের ময়দানে উপস্থিত হন। লাখো কণ্ঠে ছিল একটাই ধ্বনি, ‘আমি হাজির; হে আল্লাহ আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই। সব সাম্রাজ্যও তোমার (লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক্, লা শারিকা লাকা)।’
হজের তিন ফরজের মধ্যে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান (হাজি) আরাফাতের ময়দানে সমবেত হন। সেখানে তাঁরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করেন। কেউ কেউ জাবালে রহমতের কাছে (হজরত মুহাম্মদ (সা.) এই পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন) যান। কেউ কেউ যান মসজিদে নামিরায় হজের খুতবা শুনতে। মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।
প্রতিবছরের মতো গতকাল আরাফাতের দিন কাবা শরিফের গিলাফ (কিসওয়া) পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হয়। আর পুরোনো গিলাফ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে উপহার হিসেবে পাঠানো হয়।
আরাফাতের প্রান্তরে: গত মঙ্গলবার এশার নামাজের পর মিনার তাঁবুতে একজন আমাদের ডেকে তুললেন। বললেন, ‘আরাফাতে যাওয়ার গাড়ি আসতে শুরু করেছে। পরে ভিড় বাড়লে সমস্যা হবে। আমাদের এখনই আরাফাতে রওনা দেওয়া উচিত।’ কোরআন শরিফ, ম্যাট ও কিছু টুকিটাকি ব্যবহার্য জিনিস নিয়ে বাসে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই বাস আরাফাতের ময়দানে পৌঁছে গেল। ছোট ছোট গাছের ফাঁকে হাজার হাজার তাঁবু টানানো আছে। মিনার মতো আরাফাতেও তাঁবুর সারি। তবে এগুলো অস্থায়ী। কিছুদূর পরপর টয়লেট ও অজুর ব্যবস্থা রয়েছে।
আরাফাতের প্রান্তরে পৌঁছে আল্লাহর বরকত যেন নতুন করে হৃদয়ে জাগ্রত হয়। সব প্রার্থনা কবুল করার জন্য যেন আরাফাত প্রান্তর প্রস্তুত। তাঁবুর ভেতরেই জামাতের সঙ্গে নামাজ পড়লাম। তাঁবুর মধ্যেই আমরা নামাজ, দোয়া-দরুদ ও কোরআন শরিফ পড়তে থাকলাম। প্রতিটি তাঁবুর সামনেই খাওয়ার পানির কনটেইনার রয়েছে। কিছুদূর পরপর একসঙ্গে বেশ কয়েকটি টয়লেট। পুরুষ ও নারীদের টয়লেট আলাদা। টয়লেটগুলোর দুই প্রান্তে অজু করার জন্য কয়েকটি করে ট্যাপ আছে। অনেকেই ট্যাপ থেকে পানি নিয়ে গোসল সেরে নিলেন।
আমাদের তাঁবু থেকে একটু দূরেই দেখি রান্নাবান্নার বিরাট আয়োজন। মোয়াল্লেমের লোকজন আমাদের জন্য বিরিয়ানি রান্নার ব্যবস্থা করছেন। আরাফাতের ময়দানে বিভিন্ন প্রতিষ্ঠান গাড়িতে করে ফাস্টফুডের প্যাকেট বিতরণ করছে। গেলাম সেখানে। দেখলাম, গাড়ি থেকে খাবারের প্যাকেট ছুড়ে দেওয়া হচ্ছে আর উপস্থিত সবাই তা লুফে বা কুড়িয়ে নিতে ব্যস্ত। ছাতাটা উল্টে ধরলাম, যাতে করে ছুড়ে দেওয়া প্যাকেট ছাতার মধ্যে পড়ে। এভাবে কয়েকটি প্যাকেট সংগ্রহ করে তাঁবুতে ফিরি।
মিনা থেকে আরাফাতের ময়দান প্রায় ১০ কিলোমিটার দূরে। ৯ জিলহজ দুপুরের পর থেকে ১০ জিলহজ সুবহে সাদিক পর্যন্ত একমুহূর্তের জন্য হলেও আরাফাতের ময়দানে অবস্থান করা হজের ফরজ কাজ। এই ময়দানে অবস্থিত মসজিদের নাম মসজিদে নামিরাহ। এই মসজিদের জামাতে অংশগ্রহণকারী হজযাত্রীরা জোহরের ওয়াক্তে এক আজান ও দুই ইকামতের সঙ্গে একই সময়ে পরপর যোহর ও আসরের নামাজ আদায় করেন। নামাজের আগে ইমাম সাহেব খুতবা দেন।
আমাদের পরবর্তী কাজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেওয়া। এখানে একদল হজযাত্রী হেঁটে গেলেন। মুজদালিফা থেকে হেঁটে গেলে অনেক আনন্দদায়ক অভিজ্ঞতা হয়। এজদালিফা শব্দ থেকে মুজদালিফা শব্দের উত্পত্তি। মুজদালিফা অর্থ নৈকট্য লাভ করা।
সন্ধ্যার আগে আরাফাতের সীমানার গেট খোলা হয় না। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাতের ময়দান ত্যাগ করে মুজদালিফার উদ্দেশে রওনা দেন অনেকে। গেট খুলে দেওয়া হলে রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামল। সবার উদ্দেশ্য এক, গন্তব্য এক। রাস্তার দুই ধারে উঁচু উঁচু পাহাড় যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। রাস্তার পাশে কিছুদূর পরপর খাওয়ার পানির ট্যাপ।
বাসে রওনা দিলাম। ঘণ্টা দুয়েক পরে পৌঁছালাম। হাজার হাজার লোক রাস্তাজুড়ে শুয়ে। শুয়ে থাকা লোকদের কারও পায়ের, কারও বুকের, কারও মাথার ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। মূল সড়ক থেকে কিছুটা নিচে একটা পিচঢালা সড়কের ওপর কাছাকাছি টয়লেটের অবস্থান দেখে মক্কা থেকে কেনা প্লাস্টিকের পাটি বিছালাম। এখানে একটা কথা বলা প্রয়োজন। আরাফাতের ময়দানে অথবা আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার পথে মাগরিবের নামাজের সময় হলেও নামাজ পড়া নিষেধ। মুজদালিফায় পৌঁছার পর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়তে হয়।
হজ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তাপ্রধান মেজর জেনারেল মনসুর আল তুর্কি জানালেন, এক লাখেরও বেশি সেনাসদস্য নামানো হয়েছে। বসানো হয়েছে পাঁচ হাজার সিসি ক্যামেরা। মক্কায় জড়ো হওয়া পুণ্যার্থীদের গতিবিধি কন্ট্রোল রুম থেকে নজরে রাখা হচ্ছে।
নামাজ শেষে আমরা আশপাশ থেকে ছোট ছোট ৭০টি পাথর সংগ্রহ করলাম। জামারায় শয়তানের উদ্দেশে পর পর তিন দিন ছোড়ার জন্য প্রয়োজনীয় পাথরের টুকরা এখান থেকেই সংগ্রহ করতে হয়। পাথর সংগ্রহ করার পর আমরা শুয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। ইহরাম অবস্থায় আবার মুখ ও মাথা ঢাকা নিষেধ। এভাবে কখনো শুয়ে, কখনো বসে সময় কাটাচ্ছি। চাদর গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। আমাদের আশপাশে যাঁরা অবস্থান করছিলেন, তাঁরা কেউ বাংলায়, কেউ আরবিতে, কেউ ইংরেজিতে নানা ভাষায় কথা বলছেন।
হাজিরা আজ মিনার তাঁবুতে ফিরে যাবেন বড় শয়তানকে সাতটি পাথর মেরে। আমাদের কোরবানি আইডিবি কুপণের মাধ্যমে হয়েছে। কোরবানি শেষে হাজিরা মাথার চুল ছেঁটে বা মাথা মুড়িয়ে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় ফিরে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। জমজম কূপের পানি পান করবেন। সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ করে আবার মিনায় ফিরে পরবর্তী দুই দিন সেখানে তাঁরা তিনটি শয়তানের প্রতীকী প্রতিকৃতিতে পাথর মারবেন। এভাবে হজের কার্যক্রম শেষ হবে।
মিনা থেকে মক্কায় পৌঁছানোর জন্য বাস, গাড়ির পাশাপাশি অনেক হাজি জামারা থেকে মক্কায় পায়ে হাঁটা পথে (আল রাহমাহ স্ট্রিট সুড়ঙ্গ টানেলের ভেতর দিয়ে) মসজিদুল হারামে (কাবা শরিফে) পৌঁছাবেন।
মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর হাজিরা যাঁর যাঁর দেশে ফিরে যাবেন। সৌদি আরবের নিয়ম অনুযায়ী হাজিদের নিজ নিজ বিমানের ফ্লাইটের ১২ থেকে ১৪ ঘণ্টা আগে জেদ্দা হজ টার্মিনালে মোয়াল্লেম পৌঁছে দেন। বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানের টিকিট দেখালে জমজমের পানি হাজিদের দেওয়া হবে।