পবিসে হস্তান্তর না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যক্রম পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কাছে হস্তান্তর না করার দাবি উঠেছে। এই দাবিতে পিডিবির গ্রাহক সংগ্রাম পরিষদের ব্যানারে ১৪ ফেব্রুয়ারি জুড়ীতে বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৫ সালের দিকে পিডিবির আওতাধীন দেশের বিভিন্ন এলাকা পবিসের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় পিডিবির কুলাউড়া সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকার এক গ্রাহক এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। এর ফলে ওই সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকা পবিসের কাছে হস্তান্তর হয়নি। পরবর্তীকালে উচ্চ আদালত রিট আবেদনটি খারিজ করে পিডিবির কুলাউড়া সরবরাহ কেন্দ্রের আওতাধীন সব কার্যক্রম মৌলভীবাজার পবিসের কাছে হস্তান্তরের আদেশ দেন। সূত্র জানায়, বর্তমানে পিডিবির কুলাউড়া সরবরাহ কেন্দ্রের আওতায় কুলাউড়া ও জুড়ী উপজেলায় প্রায় ২২ হাজার বাণিজ্যিক ও আবাসিক গ্রাহক রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে জুড়ী উপজেলা সদরের বিজিবি ক্যাম্প চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে বক্তব্য দেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম, ব্যবসায়ী আবদুল কাদির প্রমুখ।বক্তারা পিডিবির কার্যক্রম পবিসের কাছে হস্তান্তর না করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন। পরে সঞ্চারকলিপি দেওয়া হয়। ইউএনওর পক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল সঞ্চারকলিপি গ্রহণ করেন। এদিকে পিডিবির কার্যক্রম পবিসের কাছে হস্তান্তর না করার দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে পিডিবির গ্রাহক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। সংগ্রাম পরিষদের নেতা হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।গ্রাহকদের ভাষ্যমতে, পল্লী বিদ্যুতের বিল বেশি এবং লোডশেডিংও বেশি হয়। তাই তাঁরা পিডিবির কার্যক্রম পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তরের বিপক্ষে।পবিসের মৌলভীবাজার কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) আবদুর রাজ্জাক বলেন, ‘পিডিবির কুলাউড়া সরবরাহ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেওয়াসহ সেখানকার যাবতীয় কার্যক্রম আমাদের কাছে হস্তান্তর করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রধান কার্যালয় থেকে পিডিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।’ পিডিবির কুলাউড়া সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তাঁরা পরবর্তী ব্যবস্থা নেবেন।