পয়ঃশোধনাগার নির্মাণে চীনের সঙ্গে চুক্তি
রাজধানীর পয়ঃব্যবস্থাপনা সেবা সম্প্রসারণের লক্ষ্যে দাশেরকান্দিতে একটি শোধনাগার নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। চীনের এক্সিম ব্যাংক, বাংলাদেশ সরকার এবং ঢাকা ওয়াসার অর্থায়নে এটি হচ্ছে। এ জন্য খরচ হবে তিন হাজার ৩১৭ কোটি টাকা। ২০১৯ সালে প্রকল্পের কাজ শেষ হবে।
আজ রোববার চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রোচায়না করপোরেশনের সঙ্গে ঢাকা ওয়াসা এ ব্যাপারে বাণিজ্যিক চুক্তি করে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং হাইড্রোচায়নার ভাইস প্রেসিডেন্ট চেন গুয়ানফু চুক্তিতে স্বাক্ষর করেন।
পরে চেন গুয়ানফু বলেন, ঢাকায় একটি আধুনিক পয়ঃব্যাবস্থাপনা অবকাঠামো গড়ে তোলার জন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকমার আল হোসাইন, ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য শাহজাহান খান, আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা ওয়াসা কর্মকর্তা সিরাজউদ্দিন এবং প্রকল্প পরিচালক মোহসীন আলী বক্তব্য রাখেন।
দাশেরকান্দি ছাড়াও উত্তরা, মিরপুর ও রায়েরবাজারে তিনটি শোধনাগার হবে বলে জানিয়েছে ওয়াসা।