পয়লা বৈশাখে কুমিল্লায় কাতল মাছের মেলা
মাছের জন্য বিখ্যাত কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজার। পয়লা বৈশাখকে কেন্দ্র করে প্রায় ৫০ বছর ধরে এখানে কাতল মাছের মেলা বসে। দুই দিনব্যাপী এ মেলায় কাতল মাছের পাশাপাশি রুই, চিতল ও বোয়াল মাছও পাওয়া যায়। গত মঙ্গল ও গতকাল বুধবার এই মেলায় মাছ কিনতে হাজারও ক্রেতার ভিড় দেখা গেছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, রাজগঞ্জ মূল বাজার থেকে মোগলটুলি কুমিল্লা হাইস্কুলের প্রধান ফটক পর্যন্ত সড়কের দুই ধারে কাতল মাছ নিয়ে বসে আছেন বিক্রেতারা। কেউ ড্রামের মধ্যে পানি দিয়ে মাছ জিইয়ে রেখেছেন। তাজা মাছ ৫০০ থেকে ৬০০ ও মরা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজগঞ্জ বাজারের অন্তত পাঁচজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেলায় দুদিনে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। সকালের দিকে মাছের দাম বেশি থাকে। বেলা একটার পর দাম কমে যায়। অন্যান্যবারের চেয়ে এবার মেলায় বিক্রি ভালো।