পয়লা বৈশাখে নামতে পারে স্বস্তির বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে চলছে পয়লা বৈশাখবরণ। এর সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড গরম। তবে প্রকৃতির এই রুক্ষতা দিনভর না-ও থাকতে পারে। স্বস্তি হয়ে নামতে পারে একপশলা বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।
দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলের দিকে ঢাকায় সামান্য বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলেও ঝড়-বৃষ্টি হতে পারে।’
সদ্য বিদায় নেওয়া চৈত্রের শেষ সাত দিন দেশের বেশির ভাগ এলাকাই ছিল বৃষ্টিহীন। ঢাকায় গত ৭ এপ্রিল সর্বশেষ বৃষ্টি হয়েছিল। গতকাল সোমবার রাঙামাটি ও চট্টগ্রাম ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি।
আবহাওয়াবিদ রাশেদুজ্জমানের তথ্যমতে, আগামী কয়েক দিন গরম পড়তে পারে। এ সময় বৃষ্টি না হলে গরম আরও বাড়বে। ১৭ এপ্রিলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ্টি না হওয়ায় ঈশ্বরদী ছাড়া দেশের প্রায় সব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে।
গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।