পর পর দুবার বিবেচিত না হলে আর পদোন্নতি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে একই পদে পর পর দুবার বিবেচিত না হলে পরে আর বিবেচনা না করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠকে জনপ্রশাসনের পদোন্নতির বিষয়ে সংশ্লিষ্ট উপকমিটির প্রতিবেদন গ্রহণ করা হয়। গত ৯ সেপ্টেম্বর এ বি এম গোলাম মোস্তফাকে আহ্বায়ক এবং আওয়ামী লীগের আবদুল মান্নান ও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির বরকতউল্লাহ এবং জাতীয় পার্টির আবু তালহাকে সদস্য করে এই উপকমিটি গঠন করা হয়।বৈঠক শেষে কমিটির সদস্য মোকতাদির চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটি সুপারিশ করেছে। সরকার বিষয়টি বিবেচনা করবে। তবে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাঁকে যেন অন্যায়ভাবে পদোন্নতি বঞ্চিত করা না হয়। তিনি জানান, এ ধরনের নিয়ম অনেক দেশেই আছে। বাংলাদেশের সামরিক বাহিনীতেও আছে।বরকতউল্লাহ সাংবাদিকদের বলেন, অনেকে যোগ্য হওয়ার আগেই পদোন্নতির জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে তদবির করেন। এটা বন্ধ করতেই এ সুপারিশ করা হয়েছে।উপকমিটির প্রতিবেদনে প্রস্তাবিত সিভিল সার্ভিস অ্যাক্ট দ্রুত প্রণয়নের সুপারিশ করা হয়। এ ছাড়া পদোন্নতির ক্ষেত্রে যাঁদের প্রয়োজনীয় নম্বর রয়েছে এবং কোনো বিরূপ মন্তব্য বা অন্য কোনো আইনগত বাধা নেই, তাঁদের পদোন্নতির বিষয়টি বিবেচনার জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) দৃষ্টি আকর্ষণ করা, সঠিক সময়ে প্রত্যেক কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দাখিল করা এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেতে ৮৫ নম্বরের জায়গায় ৮৮ করার সুপারিশ করা হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ৮ ফেব্রুয়ারি সরকার অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়। এর মধ্যে ১২৭ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে, ২৬৪ উপসচিবকে যুগ্ম সচিব পদে এবং ২৫৮ জন সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়। পদোন্নতিপ্রাপ্তদের অধিকাংশই বিসিএস ক্যাডার সার্ভিসের ’৮২ ও ’৮৫ ব্যাচের, যাঁরা আগে পদোন্নতিবঞ্চিত ছিলেন। ওই পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে অভিযোগ আসে, যোগ্য অনেক প্রার্থীই পদোন্নতি পাননি।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে আগামী তিন মাসের মধ্যে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের ডেটাবেইস তৈরির কাজ শেষ করার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বরকতউল্লাহ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, এম এ মান্নান, উবায়দুল মোকতাদির চৌধুরী, আবু তালহা ও জাহানারা বেগম অংশ নেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।