পরকীয়ার জেরে যুবক খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে আলমগীর হোসেন ওরফে মিরাজ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরকীয়ার জের ধরে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আলমগীর মল্লিকপুর গ্রামের মৃত হামজা হোসেনের ছেলে।


স্থানীয় লোকজন অভিযোগ করেন, মল্লিকপুর গ্রামের কামাল হোসেন ছাত্রজীবন থেকেই আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু। বেশ কিছুদিন ধরে কামালের স্ত্রীর সঙ্গে আলমগীরের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে বিষয়টি জানাজানি হলে কামাল তাঁর বাড়িতে আলমগীরকে যেতে বারণ করে দেয়। বারণ সত্ত্বেও গতকাল রাত সাড়ে ১০টার দিকে আলমগীর কামালের বাড়িতে যান। এ সময় কামালের বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাঁর মৃত্যু হয়।


আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ কামালের বাড়ির সামনে থেকে আলমগীরের লাশ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে কামাল, তাঁর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।