পরকীয়ার প্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূর মেয়েকে হত্যা
গাজীপুর সদর উপজেলায় গত শুক্রবার রাতে সাড়ে তিন বছরের একটি মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শিশুটির মা পরকীয়ার প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক দুর্বৃত্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শিশুটির পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, ফারুক হোসেন (২৭) নামের এক পোশাকশ্রমিক গাজীপুর সদর উপজেলার একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই সময় ফারুক বাড়ির এক গৃহবধূকে পরকীয়ার প্রস্তাব দেন। এরপর প্রায় এক বছর আগে ফারুককে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু বাসা থেকে চলে গেলেও তিনি ওই গৃহবধূর পিছু ছাড়েননি। পরকীয়ার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ফারুক ওই গৃহবধূর সন্তানকে হত্যার হুমকি দেন।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ফারুক ওই বাড়িতে গিয়ে ছোরা দিয়ে ওই গৃহবধূর মেয়ের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় শিশুটির মা জয়দেবপুর থানায় হত্যা মামলা করেছেন।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।