পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
বাগেরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী। বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামে গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী আল-আমিন মোল্যা (৩০) পলাতক রয়েছেন।
নিহত ওই গৃহবধূর নাম রেশমা বেগম ওরফে আমেনা (২৫)। এই ঘটনায় নিহত রেশমার বাবা মুজিবর শেখ বাগেরহাট মডেল থানায় আল-আমিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, ছয় বছর আগে বাগেরহাট সদর উপজেলার বাথশালা গ্রামের মুজিবর শেখের মেয়ে রেশমার সঙ্গে একই উপজেলার গোবরদিয়া গ্রামের সুলতান মোল্যার ছেলে আল-আমিনের বিয়ে হয়। তাঁদের দুটি শিশুসন্তান রয়েছে।
ওই বাড়ির অপর ভাড়াটের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন অভিযোগে আল-আমিন প্রায়ই রেশমাকে মারধর করতেন। এক সপ্তাহ আগে আল-আমিন ওই ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যান।
সোমবার রাতে একই বিষয় নিয়ে আল-আমিন তাঁর স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে স্ত্রীকে গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। খবর পেয়ে রেশমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই আল-আমিন পলাতক রয়েছেন।