পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় দুই সন্তানের জননী হোসনেয়ারা বেগম (২৫) নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই চৌকিদার ও এক এনজিওকর্মী গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন হোসনেয়ারা বেগম বলেন, ২০০২ সালের ২৭ জুলাই লতাচাপলী ইউনিয়নের জামাল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী প্রায়ই তাঁকে নির্যাতন করতেন। এর মধ্যে জামাল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়েন। তিনি স্বামীকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। কিন্তু এ কথা স্বামী আমলে নেননি। আড়াই মাস আগে পরকীয়ায় বাধা দেওয়ায় তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়। সম্প্রতি জামাল শ্বশুরবাড়ির সম্পত্তির ভাগ পেতে তাঁকে চাপ দিতে থাকেন। এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। হোসনেয়ারার মা জাহানারা বেগমকেও সম্পত্তির জন্য কিছুদিন আগে মারধর করা হয়। এ ঘটনার জন্য জাহানারা বেগম কলাপাড়া থানায় ও উপজেলা বিচারিক হাকিম আদালতে পৃথক দুটি মামলা করেছেন। হোসনেয়ারার মা জাহানারা বেগম বলেন, ‘আমার মাইয়ার উপর এই নির্যাতনের আমি বিচার চাই। অরা ছোট্ট দুধের শিশুকে পর্যন্ত কোলে গোনে মাডিতে হালাইয়া দেছে। আমি মাইয়াডারে বাঁচাইতে গ্যালে আমার উপরও অরা হামলা করে।’ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথা ফেটে যাওয়ায় সেলাই করা হয়েছে। তবে সে এখনো আশঙ্কামুক্ত নয়।’