পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর হাত কেটে ফেলার অভিযোগ
স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর ডান হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত ৩০ জানুয়ারি ঢাকার আজমপুরে রেল গেটের উত্তর পাশে দুর্বৃত্তরা তাঁর হাত কাটার পাশাপাশি মাথায় ও পেটে আঘাত করে। ওই ব্যক্তি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি উপজেলার সেকান্দরনগর গ্রামের বাসিন্দা।ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর প্রেমিক অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য, স্ত্রীর মা-বাবা এবং ওই সেনাসদস্যের এক বন্ধু এ ঘটনা ঘটিয়েছেন। তাঁদের আসামি করে ২ ফেব্রুয়ারি তাঁর বড় ভাই বাদী হয়ে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানায় একটি মামলা করেন। এ ঘটনায় স্ত্রী, শাশুড়ি ও সেনাসদস্যের বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।ওই ব্যক্তির পরিবার জানায়, প্রায় দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে ওই মেয়ে (স্ত্রী) ওই সেনাসদস্যের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই ব্যক্তি এ ঘটনার প্রতিবাদ করলে তাঁর স্ত্রী আজমপুরে মা-বাবার সঙ্গে বসবাস করতে থাকেন। পরে তিনি স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করতে চাইলে তাঁর শ্বশুর-শাশুড়ি তাঁকে ঢাকায় বসবাস করতে বলেন। পরে তিনি (স্বামী) আজমপুরে স্ত্রীসহ বসবাস শুরু করেন। ঢাকায় তিনি রিকশা চালিয়ে সংসার চালাতেন। একপর্যায়ে ওই সেনাসদস্য ঢাকায় গিয়েও তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে থাকেন। পরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গত ৩০ জানুয়ারি রাতের খাবারের সঙ্গে তাঁকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে বাসার অদূরে ওই রেললাইনের পাশে নিয়ে তাঁর হাত কর্তন, মাথায় ও পেটে আঘাত করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, ওই সেনাসদস্যের সঙ্গে ওই মেয়ের অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর বিষয়টি তাঁর স্বামীর কাছে ধরা পড়ে। এ নিয়ে তাঁদের মাঝেমধ্যে ঝগড়াঝাঁটি হতো।বাকি দুই আসামি পলাতক থাকায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি পলাতক রয়েছেন। তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।