পরকীয়ায় বাধা হওয়ায় মেয়েকে হত্যা, মা গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলায় পরকীয়া প্রেমে বাধা হওয়ায় মতিজান বেগম নামের এক নারী তাঁর মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গত শনিবার মতিজানকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝাড়গ্রামের আবদুস সামাদের স্ত্রী মতিজানের সঙ্গে প্রতিবেশী মকবুল হোসেনের পরকীয়া চলে আসছিল। মতিজানের মেয়ে মৌসুমী খাতুন (১৪) বিষয়টি জানতে পেরে তার মাকে এ থেকে বিরত থাকার অনুরোধ করে। এতে মতিজান ক্ষিপ্ত হন। ১২ অক্টোবর দুপুরে মকবুল হোসেনকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আসেন মতিজান। একপর্যায়ে তাঁরা মৌসুমিকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তার গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাটি নিয়ে পুলিশ ও মৌসুমীর পরিবারের অন্য সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দেয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন গত বৃহস্পতিবার থানায় এসে পৌঁছায়। প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়। ঘটনাটি তদন্ত করে বাগমারা থানার এসআই নূরুল ইসলাম বাদী হয়ে গত শনিবার মতিজান ও মকবুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ওই দিন রাতেই পুলিশ মতিজানকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ বলেন, গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।