পরচুলা তৈরি করে স্বাবলম্বী ১০০ নারী
১১ বছর আগে নবম শ্রেণিতে লেখাপড়া করা অবস্থায় বিয়ে হয়ে যায় মেয়েটির। স্বামী-সংসার নিয়ে কাটত সময়। চার বছর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পরচুলা তৈরির কারখানার সন্ধান পান। সেখানে ভর্তি হয়ে সেই কাজ রপ্ত করেন। এরপর এলাকায় এসে এক এক করে অনেক নারীকে সেই কাজ শেখান। বর্তমানে তাঁর তত্ত্বাবধানে ১০০ নারী এ কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
ওই নারীর নাম মোছা. ইছমত আরা (২৫)। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে তাঁর বাড়ি। স্বামী আবু তালেব (৩৫) স্থানীয় একটি বিদ্যালয়ে পিয়নের চাকরি করেন। ঘরে এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
সম্প্রতি ইছমত আরার বাড়িতে গেলে নিজের পায়ে দাঁড়ানোর গল্প শোনান। বলেন, ২০০৬ সালে তাঁর বিয়ে হয়। তখন শুধু স্বামী আর সংসার নিয়ে ভাবতেন। ২০১৩ সালে রাজধানীর উত্তরায় বড় বোন মোরশেদা খাতুনের বাড়িতে বেড়াতে যান। একদিন বোনের কাছে পরচুলা বানানোর গল্প শোনেন। কয়েক দিন পর ভগ্নিপতির সঙ্গে উত্তরার দেওয়ানবাড়ি এলাকায় হিয়ার-ক্যাপ নামের একটি প্রতিষ্ঠানে বেড়াতে যান। সেখানে মেয়েদের কাজ করতে দেখে মনে মনে কাজ শেখার ইচ্ছা জাগে। বাড়ি ফিরে বোনের কাছে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বোন প্রতিষ্ঠানটিতে কাজ শেখার ব্যবস্থা করে দেন। এতে স্বামীরও স্বীকৃতি মেলে।
ইছমত আরার এর পরের গল্প এগিয়ে যাওয়ার। তিনি বলতে থাকেন, ‘এক সপ্তাহের মধ্যে কাজ রপ্ত করে ফেলি। সেখানে ছয় মাস কাজ করি। পরে প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে কথা বলে নিজের এলাকায় ফিরে কাজ করার আগ্রহ প্রকাশ করি। মালিক সম্মতি দেন। এলাকায় এসে বাড়িতে কয়েকজন নারীকে কাজ শেখাই। আস্তে আস্তে এলাকার নারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হতে থাকে। প্রথম তিনটি টেবিলে সাত–আটজন নারীকে নিয়ে কাজ শুরু করি। পরে আরও নারী কাজ শিখতে আমার বাড়িতে চলে আসতেন। এখন নন্নী ইউনিয়নের যাত্রাকোনা গ্রামে দুটি স্থানে ২৪ জন, আমলাতলীতে দুটি স্থানে ৩২ জন, পূর্বপাড়ায় ১৬ জন, মধ্য পূর্বপাড়ায় ১২ জন ও নন্নী পশ্চিমপাড়ায় ১৬ জন নারী কাজ করছেন। ছয়টি স্থানে আলাদা ঘর ভাড়া, টেবিল তৈরিসহ ক্যাপের জন্য চুল, সুই, চক ও পিন সরবরাহ করতে হয়। তাঁর মাধ্যমে প্রতি মাসে ২৫০টি পরচুলার ক্যাপ তৈরি করে রাজধানীতে পাঠানো হয়। শ্রমিকেরা আকারভেদে একেকটি ক্যাপের জন্য ৪৫০ থেকে ৬৫০ টাকা করে পান। একজন নারী শ্রমিক মাসে ১০ থেকে ১২টা ক্যাপ তৈরি করতে পারেন।’
পরচুলা তৈরির কাজ করে এলাকার নারীরাও স্বাবলম্বী হচ্ছেন। নারী শ্রমিক রোকসানা আক্তার বলেন, ‘তাঁর স্বামী ভাড়ায় ট্রলি চালান। দুই সন্তান রয়েছে। স্বামীর উপার্জনে সংসার চলত না। দুই বছর ধরে এখানে কাজ করছি। যে টাকা উপার্জন করি, এতে সংসার এখন ভালোভাবেই চলে।’
বাইগরপাড়ার মনিরা বেগম বলেন, ‘ছয় ভাইবোনের অভাবের সংসার। তাই পঞ্চম শ্রেণির পর আর লেখাপড়া করা সম্ভব হয় নাই। পরে ইছমত আরা আপার কাছে পরচুলা তৈরির প্রশিক্ষণ নিই। দেড় বছর ধরে এখানে কাজ করি। প্রতি মাসে সংসার চালাতে মা-বাবার হাতে এখন টাকাও দিতে পারি।’
ইছমত আরার কাজে সহযোগিতা করেন তাঁর স্বামী আবু তালেব। তিনি বলেন, ‘ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মূল প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্যাপ, চুল, সুই, চক, পিন পাঠিয়ে দেওয়া হয়। নারী শ্রমিকদের মাঝে তা বিতরণ করি। মাস শেষে তৈরি পরচুলার ক্যাপ নিজে অথবা ডাকযোগে প্রতিষ্ঠানে পাঠিয়ে দিই। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। শ্রমিকদের সে পাওনা বুঝিয়ে দিই।’
ইছমত আরা বলেন, প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে তাঁকে ১৫ হাজার করে টাকা দেওয়া হয়। এ ছাড়া তিনি নিজেও কাজ করে উপার্জন করেন। ভবিষ্যতে আরও বড় আকারে নারীদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন। সরকারি-বেসরকারিভাবে অর্থ সহায়তা পেলে কাজটি আরও বড় আকারে করা সম্ভব হবে।
জানতে চাইলে নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘ইছমত আরার ইচ্ছায় এবং তাঁর প্রচেষ্টায় এলাকায় ১০০ জন দরিদ্র নারী কাজ করার সুযোগ পেয়েছেন। এটা সত্যি প্রশংসার দাবি রাখে। তাঁর এই ভালো কাজের সাথে আমরা থাকব।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন বলেন, ‘ওই নারীর কথা শুনেছি। তিনি এলাকার অন্য নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তাঁর কার্যক্রম দেখতে যাব। এ বছর তাঁকে জয়িতা হিসেবে আবেদন করার জন্য উৎসাহিত করা হবে।’