পরপর তিন কন্যাসন্তান স্ত্রীকে মারধর, ছেঁকা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও বিড়ির আগুনে ছেঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার এই গৃহবধূর অভিযোগ, পরপর তিনটি কন্যাসন্তান জন্ম দেওয়ায় তাঁর ওপর স্বামীর এই নির্যাতন। বর্তমানে তিনি ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খোকশাহাটা গ্রামের বাছেদ আলীর মেয়ে ফুলেরা খাতুনের সঙ্গে ১০ বছর আগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের আবদুল বারীর ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। ফুলেরা জানান, প্রথম কন্যাসন্তান জন্মের পর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালোই ছিল। দ্বিতীয়বার স্বামী ছেলেসন্তানের আশা করলেও আবারও তাঁদের সংসারে কন্যাসন্তান জন্ম নেয়। এরপর থেকে স্বামী নানা ছুঁতোয় তাঁর ওপর নির্যাতন শুরু করেন। গত মাসে তাঁদের সংসারে তৃতীয়বারের মতো আরেকটি কন্যাসন্তান জন্ম নেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল মাস খানেক আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে সাইফুলের নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। ফুলেরা জানান, এরপর প্রায় প্রতিদিন রাতেই স্বামী দড়ি দিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং শরীরের বিভিন্ন স্থানে বিড়ির আগুনের ছেঁকা দিতেন। ফুলেরা আরও জানান, গত বুধবার সকাল আটটার দিকে স্থলবাড়ী গ্রামের বাড়িতে স্বামী তাঁকে বেধড়ক পেটান। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফুলেরার বাবা বাছের আলী জানান, ফুলেরার তিনটি কন্যাসন্তান হয়েছে। এ কারণে স্বামী সাইফুল তাকে পিটিয়ে আগুনের ছেঁকা দিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন। এ ব্যাপারে সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। সাইফুলের মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে। ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মামুনুর রশিদ জানান, মারপিটের শিকার ফুলেরা খাতুনকে গত বুধবার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর শরীরে আগুনের ছেঁকার চিহ্নও রয়েছে।