পরপর দুই মেয়ে তাই স্ত্রী বিদায়!
মেয়েসন্তান হলে মেনে নেওয়া হবে না—স্বামীর পরিবারের এমন ঘোষণা মাথায় নিয়েই জান্নাতুল ফেরদৌসী প্রথমবার এক মেয়ের মা হয়েছিলেন। এর পরের সন্তানও হয় মেয়ে। এরপর তাঁর আর স্বামীর বাড়িতে ঠাঁই হয়নি। দুই মেয়েকে নিয়ে তিনি এখন রাজশাহীর বাঘায় বাবার সংসারে আছেন।জানা গেছে, ২০০৫ সালের ১৪ সেপ্টেম্বর বাঘা উপজেলা সদরের জহুরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌসীর সঙ্গে নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে শফিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়।জান্নাতুল ফেরদৌসী বলেন, বিয়ের পরপরই তাঁর স্বামী শফিউল ঢাকায় গার্মেন্টের কাজে চলে যান। তারপর থেকে তিনি মাসে একবার করে বাড়ি আসতেন। তাঁর নিজের ভরণপোষণের দায়িত্ব বাবা জহুরুল ইসলামকেই বহন করতে হয়। গত ছয় বছরে সব মিলিয়ে এক বছরও তিনি স্বামীর ঘরে থাকতে পারেননি। তিনি অভিযোগ করেন, প্রথম সন্তান মেয়ে হওয়ার পর তাঁর স্বামী এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি শাহিদা খাতুন ও শ্বশুর আফছার আলীও তাঁর ওপর নির্যাতন চালান।একটি অঙ্গীকারনামা দেখিয়ে জান্নাতুল ফেরদৌসী বলেন, ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি এক সালিস-বৈঠকে স্বামী শফিউল তাঁকে নির্যাতনের কথা স্বীকার করে ভবিষ্যতে আর নির্যাতন করবেন না বলে অঙ্গীকার করেন। এমনকি স্ত্রী-সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেবেন বলেও জানান। বাড়ি নিয়ে যাওয়ার পর তাঁর ওপর ফের নির্যাতনের খড়্গ নেমে আসে। গত নভেম্বরে তিনি দ্বিতীয় মেয়ের জন্ম দেন। এরপর থেকে যৌতুকের দাবি আরও বেড়ে যায়। এবার দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। কিন্তু টাকা দিতে না পারায় তাঁর ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ে। সর্বশেষ গত ফেব্রুয়ারির মাঝামাঝি তাঁকে মারধর করে সন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়।বাধ্য হয়ে গত ২০ মার্চ তিনি রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে শফিউল ও শ্বশুর-শাশুড়ির নামে একটি অভিযোগ দেন। আদালত তা আমলে নিয়ে ওই দিনই বাঘা থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে ওই মামলায় পুলিশ জান্নাতুল ফেরদৌসীর শ্বশুর আফছার আলীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।জান্নাতুলের বাবা জহুরুল ইসলাম জানান, মামলার খবর পেয়ে শফিউল তাঁর মেয়েকে তালাকের নোটিশ পাঠিয়েছেন।জান্নাতুলের শাশুড়ি শাহিদা খাতুন দাবি করেন, বিয়ের পর এক বছর বউ আমাদের সঙ্গে ছিল। এরপর আমাদের সঙ্গে ছেলে বা বউয়ের কোনো যোগাযোগ নেই। ছেলে শফিউলের মুঠোফোন নম্বর চাইলে তিনি জানান, তাঁর কাছে ছেলের নম্বর নেই।