পরবর্তী ইসি নিয়ে আলোচনা হবে ব্রাসেলসে: মায়াদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিকাব টক অনুষ্ঠানে বক্তব্য দেন পিয়েরে মায়াদু l ছবি: প্রথম আলো
ডিকাব টক অনুষ্ঠানে বক্তব্য দেন পিয়েরে মায়াদু l ছবি: প্রথম আলো

বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ব্রাসেলসে অনুষ্ঠেয় বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠকে আলোচনা হবে। ২০ ডিসেম্বর ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার-বিষয়ক উপকমিটির বৈঠকের আলোচনায় বিষয়টি আসবে।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ডিকাব টক অনুষ্ঠানে এ তথ্য জানান।

ইইউর রাষ্ট্রদূত বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যেহেতু ইইউ যুক্ত ছিল, খুব সংগত কারণেই ব্রাসেলসের বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে থাকবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রসঙ্গটি। বাংলাদেশের পরবর্তী নির্বাচন ২০১৯ সালে হওয়ার কথা থাকলেও বাস্তবে এ সময়টা খুব দূরে নয়। নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফেরাতে ইসি গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে বর্তমান কমিশন গঠন করা হয়েছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির বর্জনে একতরফা নির্বাচনে সুষ্ঠু পরিবেশের অভাব ও নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকায় ওই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি ইইউ।

বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পিয়েরে মায়াদু বলেন, বাংলাদেশে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইংল্যান্ড ক্রিকেট দলের সফর স্পষ্টতই এখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আস্থা ও আশাবাদের প্রতিফলন। তবে তিনি এটাও মনে করেন, নিরাপত্তার বিষয়টিকে সবার ‘সমন্বিত প্রক্রিয়া’য় দেখতে হবে। তাহলেই কাজকর্ম দ্রুত স্বাভাবিক করার লক্ষ্য অর্জিত হবে। তাঁরা এখানে ভীতি নিয়ে বাস করেন না ঠিকই, তবে পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ প্রয়াসের ওপর জোর দেন। পিয়েরে মায়াদু বলেন, নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন আনতে সরকার পদক্ষেপ নিয়েছে।

বিদেশিদের বাড়তি নিরাপত্তায় সরকারের দেওয়া প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ইইউর রাষ্ট্রদূত জানান, কূটনীতিকেরা এসব উদ্যোগের প্রশংসা করেছেন এবং সশস্ত্র আনসার মোতায়েন বেশ কাজে দেবে বলে মনে করছেন। মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করে পিয়েরে মায়াদু বলেন, নানাভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করা যায়। আর বাংলাদেশে নাগরিক সমাজের কথা বলার সুযোগ অব্যাহত রাখা উচিত। এ প্রসঙ্গে তিনি জানান, জাতীয় সংসদে সদ্য পাস হওয়া বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল তাঁরা পর্যালোচনা করে দেখছেন। বাংলাদেশের বেসরকারি সাহায্য সংস্থাগুলোর কাজের পথ সুগম রাখতে প্রস্তাবিত আইনের বিধিগুলো সহায়ক হওয়া উচিত।

এক প্রশ্নের উত্তরে ইইউর রাষ্ট্রদূত বলেন, কিছু নেতিবাচক প্রচারণার পরও আর্থসামাজিক উন্নয়নের কারণে বৈশ্বিক দৃশ্যপটে বাংলাদেশ এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত আলোচনায় সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আঙ্গুর নাহার। স্বাগত বক্তব্য দেন ডিকাবের সাধারণ সম্পাদক পান্থ রহমান।