পরবর্তী জেরা বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা অব্যাহত আছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। পরে আদালত আগামী বৃহস্পতিবার জেরার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, প্রধান আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন সাক্ষীকে ৮ ডিসেম্বর জেরা শুরু করেন। গতকাল জেরাকালে হিমাদ্রীর মুঠোফোনের কললিস্ট জব্দ করা হয়েছে কি না, তা জানতে চান আইনজীবী। উত্তরে পুলিশের এই কর্মকর্তা জানান, জব্দ করা হয়নি।
হিমাদ্রীর মা গোপা মজুমদারের অভিযোগ, অহেতুক জেরা করে আসামিপক্ষ সময়ক্ষেপণ করছে। এতে মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে আসামির আইনজীবী কফিল উদ্দিন বলেন, ‘সময়ক্ষেপণ নয়, তদন্তের ক্রটি ধরে জেরা করা হচ্ছে।’
২০১২ সালের ২৭ এপ্রিল হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৩ মে তিনি মারা যান।