
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার নবম সাক্ষী প্রবীর মজুমদারকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেননি।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে জেরার দিন ধার্য ছিল। পরে আদালত আগামী রোববার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী প্রবীর মজুমদারকে জেরার দিন ধার্য থাকলেও আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে রোববার পরবর্তী দিন ধার্য করেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খানেন বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাঁদের মধ্যে মাহাবুব আলী খান, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক।