পরবর্তী জেরা ১ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় পঞ্চম সাক্ষীকে জেরা অব্যাহত আছে।
গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে আগামী ১ জুলাই পরবর্তী জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, পঞ্চম সাক্ষী এখতিয়ার উদ্দিনকে আসামি পক্ষের আইনজীবীরা বারবার একই প্রসঙ্গে জেরা করে সময়ক্ষেপণ করছেন। কেন সাক্ষী ঘটনাস্থলে গিয়েছিলেন সেই প্রশ্ন জানতে চেয়েছেন আইনজীবীরা। সাক্ষ্যে ও গত দুই দিন ধার্য দিনে জেরাকালে এখতিয়ার উদ্দিন আদালতকে বলেন, পাঁচলাইশ মক্কী মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে লোকজনের শোরগোল শুনতে পান। পরে প্রধান আসামি শাহ সেলিম টিপুর বাসার সামনে হিমাদ্রীকে অজ্ঞান অবস্থায় দেখা যায়।
গতকাল আসামি শাহাদাত হোসাইনের আইনজীবীর জেরা অসমাপ্ত অবস্থায় থাকে। এরপর আরও দুই আসামির আইনজীবী জেরা করবেন পঞ্চম সাক্ষীকে।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।