চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সাধারণ সম্পাদক জাওইদ আলীর জেরা অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী জেরার দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী জাওইদ আলীকে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবীর জেরা শেষ হয়েছে। তাঁকে আংশিক জেরা করেন আসামি শাহাদাত হোসাইনের আইনজীবী। পরে জেরা অসমাপ্ত অবস্থায় আদালত আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। জেরাকালে মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে হত্যা করা হয় বলে সাক্ষী জাওইদ আলী আদালতকে জানান।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।
মামলায় মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।