রেলে সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় রেল কর্মকর্তা মোজাম্মেল হোসেনের জেরা অব্যাহত আছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী জেরার দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলার সাক্ষী রেল কর্মকর্তা মোজাম্মেল হোসেনকে জেরা করেন আসামি রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার আইনজীবী। আগামী ধার্য দিনে আসামি পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধার আইনজীবী জেরা করবেন।
জেরাকালে মোজাম্মেল হোসেন আদালতে জানান, রেলে নিয়োগে দুর্নীতির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি। ওই সদস্য হিসেবে তদন্তকালে দুদক তাঁর বক্তব্য নেয়। তদন্তে নিয়োগে দুর্নীতির সত্যতা পায় কমিটি।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।