পরবর্তী দুই বছরের জন্য এপিআরসির সভাপতি নির্বাচিত বাংলাদেশ
পরবর্তী দুই বছরের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার ঢাকায় আয়োজিত ৪ দিনব্যাপী ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে এ ঘোষণা দেওয়া হয় বলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) তথ্য। বাংলাদেশে প্রথমবারের মতো এপিআরসির ৩৬তম আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। সম্মেলনে জানানো হয়, ৩৭তম এপিআরসি সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
সম্মেলনের শেষ দিনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, এ সম্মেলনে ডিজিটাল হাব স্থাপন, গবেষণার জন্য বিশেষ ফান্ড গঠন, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ুসহনশীল কৃষি, টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং মানুষ, প্রাণি ও পরিবেশের স্বাস্থ্যকে সমান গুরুত্ব ও আত্মনির্ভরশীল হিসেবে বিবেচনা করে ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ’কে অগ্রধিকার দিয়ে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে এপিআরসির সদস্য ৪৬টি দেশ।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা যেরকমটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি প্রভাব পড়ছে। মানবজীবনের সবকিছুকেই এটি প্রভাবিত করবে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি।’
কৃষিমন্ত্রী বলেন, করোনাভাইরাস এ অঞ্চলের কৃষি, খাদ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সারের উৎপাদন কমে গেছে। এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। মালদ্বীপ তাদের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে।
জলবায়ুর বিরূপ প্রভাব ও কোভিড মোকাবিলা করে টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে গবেষণার মাধ্যমে ফসলের নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর বাংলাদেশ জোর দিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, এ বিষয়ে একসঙ্গে কাজ করার কথা প্রতিবেদনে বলা হয়েছে। এখানে এফএও’র বড় ভূমিকা রয়েছে।
কৃষিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য একটি ‘বিশেষ ফান্ড’ গঠনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন। এ সম্মেলনে এটিকে চূড়ান্ত প্রতিবেদনের মধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।
মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, এ সম্মেলনে ডিজিটালাইজড কৃষি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর জন্য এফএওকে একটি ‘ডিজিটাল হাব’ স্থাপনের প্রস্তাব দিয়েছিল, সব দেশ এটি গ্রহণ করেছে। ডিজিটাল হাবে ৪৬টি দেশের কৃষিপ্রযুক্তি ও উদ্ভাবনী তথ্যসমৃদ্ধ থাকবে, যাতে সব দেশ উপকৃত হতে পারে। জাপানের উদাহরণ তুলে মন্ত্রী বলেন, জাপান কৃষিতে ড্রোন, রোবট ব্যবহার বা প্রিসিশন কৃষি করছে।
ড. রাজ্জাক জানান, মানুষ, প্রাণি ও পরিবেশের স্বাস্থ্যরক্ষায় ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ’ গ্রহণ করা হয়েছে। ওয়ান হেলথ অ্যাপ্রোচে অগ্রাধিকার চিহ্নিত করে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। জুনোটিক বা প্রাণি থেকে মানুষে সংক্রমিত রোগের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। চলমান ‘কোভিড’ এর অন্যতম উদাহরণ। এ অবস্থায় এ অঞ্চলে ওয়ান হেলথ অ্যাপ্রোচ গড়ে তুলতে সম্মত হয়েছে দেশগুলো।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম ও খাদ্যসচিব নাজমানারা খানুম এ সময় উপস্থিত ছিলেন।