আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘আমরা ফাইনাল খেলা খেলব। পরবর্তী নির্বাচনই হবে সে ফাইনাল খেলা। আমরা জনগণের রায় মেনে নেব। আপনারা মেনে নেবেন কি?’প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা ও আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগ। ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম রাউন্ড দেখলাম না, দ্বিতীয় রাউন্ড দেখলাম না। নয়াপল্টনের সামনের সমাবেশ যদি প্রথম রাউন্ড আর রোডমার্চ যদি দ্বিতীয় রাউন্ড হয়, তাহলে কোয়ার্টার ও সেমিফাইনাল কোথায়? একেবারে ফাইনাল খেলবেন?’ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে আন্দোলনের বাস্তবতা খুবই কঠিন। দিন-তারিখ দিয়ে সরকার পতনের যে ঘোষণা দিয়েছেন, তা দিবাস্বপ্ন বা কল্পনাবিলাস মাত্র। দিন-তারিখ ঘোষণা করে কোনো সরকারের পতন করা যায় না।’ তিনি দুষ্টচক্রের হাত থেকে ছাত্রলীগকে মুক্ত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ বক্তব্য দেন।