পরবর্তী নির্বাচনও শেখ হাসিনার অধীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিপরিষদের সদস্যরা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: প্রথম আলো
মন্ত্রিপরিষদের সদস্যরা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া বলেছিলেন নির্বাচন হবে না। সেজন্য তারা মসজিদ, মন্দিরে আগুন দিয়েছিল, বাসে আগুন দিয়ে মানুষ মেরেছিল। তার পরও নির্বাচন হয়েছে, মন্ত্রিপরিষদ হয়েছে।

খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাঁচ বছর অপেক্ষা করুন, দেখবেন পুনরায় শেখ হাসিনার অধীনে কীভাবে নির্বাচন হয়। এখন বিএনপি উপায় খুঁজে না পেয়ে দেশ ও ইতিহাস নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে। তারা বঙ্গবন্ধুর ইতিহাসকে বিকৃত করতে চায়।’ তিনি বলেন, ‘কোন কুলাঙ্গার কী বলল, তাতে কিছু আসে-যায় না। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।’

আজ বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়। তাই বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন মুজিবনগর সকলের মাথার মণি হয়ে থাকবে। এই ইতিহাসের সাথে মিশে আছেন আমার বাবাসহ জাতীয় চার নেতা। তাঁদের সাথে ওই বেইমানের (খন্দকার মোশতাক আহমেদ) নাম উচ্চারণ করতে চাই না। মুজিবনগরে এলেই আমি আমার পিতার গন্ধ শুঁকে বেড়াই। আবেগে আপ্লুত হয়ে পড়ি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলা স্বাধীনতা হারিয়েছিল। ২১৪ বছর পর আরেক আম্রকানন মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়। সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে দেশের প্রথম সরকার (মুজিবনগর সরকার) শপথ নিয়েছিল। বঙ্গবন্ধু ছিলেন প্রথম রাষ্ট্রপতি। অথচ যারা স্বাধীনতা, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে স্বীকার করে না, তারা স্বাধীনতার চিরন্তন ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মরে গেছে। তাকে আর কবর থেকে তোলা সম্ভব না।

তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতাযুদ্ধ হলো। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা যুদ্ধ করি, দেশ স্বাধীন হয়। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, দেশের মানুষের মুক্তির স্বার্থে জেল জুলুম সহ্য করতে তিনি প্রস্তুত। এ ক্ষেত্রে যদি আমার মৃত্যু হয়, তাহলে বাংলাদেশে আমার মাটি দিও। স্বাধীনতার পর আবু সাঈদকে রাষ্ট্রপতি করে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হন।’

মুজিবনগর অবহেলিত থাকবে না

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুজিবনগর আর অবহেলিত থাকবে না। এখানকার অসমাপ্ত কাজ এ বছরের মধ্যে সম্পন্ন করে মুজিবনগর পর্যটনকেন্দ্র চালু করা হবে। প্রয়োজনে আরও অতিরিক্ত কাজ করে মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত করবে এই সরকার।

স্থলবন্দর হবে

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মেহেরপুরে স্থলবন্দর নিয়ে সরকার ইতিবাচক। এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। নিষ্ক্রিয় ছিল এমন নয়টি স্থলবন্দর চালু করা হয়েছে। দেড় বছরের মধ্যে মেহেরপুর স্থলবন্দর চালু করে মুজিবনগর মেহেরপুরের মানুষের গণদাবিকে বাস্তবায়ন করবে সরকার।

অনুষ্ঠান শুরুর আগে নৌপরিবহনমন্ত্রী এই প্রতিবেদককে জানান, মেহেরপুরে স্থলবন্দর নিয়ে প্রথম আলোতে প্রকাশিত সংবাদ সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়েছে।

সমাবেশে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা (মেহেরপুরের তত্কালীন মহকুমা প্রশাসক) তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রিপরিষদের সদস্যরা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খুলনা বিভাগসহ বিভিন্ন জেলা থেকে যানবাহন নিয়ে হাজারো মানুষ সমাবেশে অংশ নেয়। অনুষ্ঠান শেষে মুজিবনগর মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।