পরবর্তী ফেসবুক, গুগল বাংলাদেশ থেকে হবে: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠান ‘ডিজিটাল সিস্টেমের’ আওতায় আসবে।
রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় তিনি এ আশা প্রকাশ করেন। মতবিনিময় সভায় বাংলাদেশের ৬৪টি জেলা থেকে বেসিস পুরস্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সার, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের সেবকসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন৷
সজীব ওয়াজেদ বলেন, ‘কোনো অপারেটর চাইলে অনুমতি নিয়ে এখনই ফোর-জি চালু করতে পারে। কারণ, থ্রি-জির লাইসেন্স দেওয়ার সময় মোবাইল অপারেটর কোম্পানিকে ফোর-জি চালু করতে পারবে বলা হয়েছিল।’ তিনি জানান, ওয়াইম্যাক্স সেবাদানকারী অনেক অপারেটরকে এরই মধ্যে ফোর-জির অনুমতি দেওয়া হয়েছে।
সজীব ওয়াজেদ বলেন, ‘বাংলাদেশ এখন ফ্রিল্যান্সিংয়ে তৃতীয় অবস্থানে। আমার স্বপ্ন আছে, গার্মেন্টস-শিল্প থেকে যে বৈদেশিক মুদ্রা আয় হয়, আইটি খাতের আয় যেন সেটা অতিক্রম করে। আমাদের সরকারের লক্ষ্য ফ্রিল্যান্সার বাড়ানো ও আইটি পণ্য রপ্তানি করা। আগামীতেও যদি জনগণ আমাদের নির্বাচিত করে, তাহলে আইটির জন্য কী করব, তার কোনো সীমা নাই।’
তিনি বলেন, ‘ডিজিটাল কথা শুনলে আগে টিটকারি করা হতো। দীর্ঘ প্রচেষ্টার পর এখন সবাই জানে ডিজিটাল কী। তবে এ অগ্রগতি আমাদের শুরু। এখনো আরও বাকি আছে।’
মতবিনিময় সভা পরিচালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করে।