পরবর্তী বৈঠক সম্পর্কে জানতে আবাসন ব্যবসায়ীরা সচিবালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়ে পরবর্তী বৈঠক কবে হবে, তা জানতে গতকাল মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে গিয়েছিলেন আবাসন-ব্যবসায়ীরা। গত রোববার বৈঠক হলেও তীব্র বাগিবতণ্ডা ও হইচইয়ের কারণে ড্যাপ পর্যালোচনা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা যায়নি।রিহ্যাবের সভাপতি ও সরকারি দলের সাংসদ নসরুল হামিদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম ও যমুনা গ্রুপের নুরুল ইসলামসহ আটজন প্রতিনিধি গতকাল পূর্ত মন্ত্রণালয়ে যান। তাঁরা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) শিরীন আক্তারের কক্ষে যান। শিরীন আক্তার তখন কক্ষে ছিলেন না। পরে তিনি এসে তাঁদের আসার কারণ জানতে চান। জবাবে তাঁরা বলেন, পরবর্তী পর্যালোচনা বৈঠক কবে হবে, তা জানতেই তাঁরা এসেছেন।এ বিষয়ে জানতে চাইলে শিরীন আক্তার প্রথম আলোকে বলেন, ‘পরবর্তী বৈঠক প্রসঙ্গে আমার সঙ্গে বিএলডিএর মহাসচিব মোস্তফা কামালের আলোচনার কথা ছিল। কিন্তু অন্য নেতারা কেন এলেন, তা বুঝতে পারলাম না। বিএলডিএ ও রিহ্যাবের প্রতিনিধিরা আমার কাছে জানতে চেয়েছিলেন, পূর্ত প্রতিমন্ত্রী বা সচিব তাঁদের কক্ষে আছেন কি না। আমি খোঁজ নিয়ে তাঁদের বলেছি, নেই।’গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন ড্যাপ নিয়ে পরবর্তী বৈঠক সম্পর্কে প্রথম আলোকে বলেন, অচিরেই বৈঠকটি অনুষ্ঠিত হবে।ব্যবসায়ী প্রতিনিধিদলটি যুগ্ম সচিব (প্রশাসন) আবদুল হান্নানের সঙ্গেও দেখা করে। এ প্রসঙ্গে আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘রিহ্যাবের সভাপতি হিসেবে নসরুল হামিদ ও অন্যরা আমার কাছে অন্য একটি কাজে এসেছিলেন। যেহেতু আমি ভূমি ব্যবহার বিধিমালা ২০০৪-এর সংশোধনী নিয়ে কাজ করছি, তাই তাঁরা সে ব্যাপারে আমার কাছে খোঁজখবর নেন।’ বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না বলে মন্তব্য করেন তিনি।ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা: গত রোববার পূর্ত মন্ত্রণালয়ের বৈঠকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং বরেণ্য ব্যক্তিদের সঙ্গে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তার নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক এ কে এম আবুল কালাম এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় তাঁদের সংগঠনের সব সদস্য গভীরভাবে মর্মাহত। বিবৃতিতে তাঁরা ড্যাপ বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান।কোয়ালিশন ফর আরবান পুওর এক বিবৃতিতে ওই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে বলেছে, গণপূর্ত প্রতিমন্ত্রী জাতির কল্যাণে এবং সরকারের পক্ষে যে জোরালো ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।বাংলাদেশ এনভায়রন নেটওয়ার্কের (বেন) বিবৃতিতে বলা হয়, ওই সভায় ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য দায়ী ভূমিব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।