জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়ন্স কম্পিটিশনের দ্বিতীয় পর্ব
পরবর্তী রাউন্ডের জন্য ৩০ শিক্ষার্থী মনোনীত
‘জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়ন্স কম্পিটিশন’-এর দ্বিতীয় পর্ব গতকাল শুক্রবার চট্টগ্রামের কলেজিয়েট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য গ্রিনকার্ড লাভ করে।
ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এবং এইচএসবিসি ব্যাংক যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার প্রথম বিভাগীয় পর্ব সিলেটে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় পর্বে নগরের বিভিন্ন ইংরেজি ও বাংলা মাধ্যমের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর ৬৬৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা কনিষ্ঠ (ষষ্ঠ-অষ্টম) ও জ্যেষ্ঠ (নবম-দশম শ্রেণী) এ দুই ভাগে বিভক্ত ছিল। দিনব্যাপী প্রতিযোগিতায় প্রথম পর্বে কুইজ, পোস্টার ডিজাইন ও পেইন্টিং এবং উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে ১০ জন করে বিজয়ী ঘোষণা করা হয়। তারা জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়।
প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল মনসুর, ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, প্যাসিফিক জিনস লিমিটেডের পরিচালক সৈয়দ এম তানভীর, এইচএসবিসি ব্যাংকের ব্যবস্থাপক আবদুল্লাহ আল জুবায়ের প্রমুখ। অতিথিরা বিজয়ীদের হাতে গ্রিনকার্ড তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেইলি স্টার-এর মহাব্যবস্থাপক সেলিম শামসুল হুদা চৌধুরী। অনুষ্ঠানে বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও হালদা বিশেষজ্ঞ মঞ্জুরুল কিবরিয়া, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শায়লা শারমীন, চট্টগ্রাম কলেজের শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সজল চৌধুরী।