পরবর্তী শুনানি ১৪ মে
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ মে। গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে সাক্ষী এহতেশামুল চৌধুরী কাশফীকে আসামিপক্ষের আইনজীবীর জেরা শেষে এ দিন ধার্য করা হয়।
গত ২২ এপ্রিল এহতেশাম সাক্ষ্যে আদালতকে জানান, এলাকায় মাদকের বিরোধিতা করায় প্রতিশোধ নিতে প্রধান আসামি শাহ সেলিম টিপুর নির্দেশেই বািক আসামিরা হিমাদ্রীকে বাসায় ডেকে নিয়ে যান। সেখানে ছাদে কুকুর লেলিয়ে দেওয়া হয়। হাসপাতালে হিমাদ্রীর এ বর্ণনা মুঠোফোনে ধারণ করেন তিনি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, সাক্ষী এহতেশামুল চৌধুরী কাশফীকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। জেরাকালে ধারণ করা বক্তব্যটি হিমাদ্রীর নয় এবং আসামিদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে দাবি করেন আইনজীবীরা। উত্তরে কাশফী আদালতকে বলেন, ‘ধারণ করা বক্তব্যটি হিমাদ্রীর। আমার সাক্ষ্য মিথ্যা নয়।’