চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত ১৫ জুলাই সাক্ষীকে জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, ষষ্ঠ সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়ের’ সাধারণ সম্পাদক জাওয়াদ আলীর সাক্ষ্য শেষ হয়েছে। সাক্ষ্যে তিনি আদালতকে জানান, হিমাদ্রীর মৃত্যুর পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় আসামি শাহ সেলিম টিপুসহ অন্যরা কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হুমকি দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়।
জাওয়াদ আলী আরও জানান, হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে যান। সেখানে মুঠোফোনে হিমাদ্রীর জবানবন্দি সংরক্ষণ করাকালে তিনি নিজে উপস্থিত ছিলেন। মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে আসামিরা হত্যা করে বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। সাক্ষ্য শেষ হওয়ার পর জাওয়াদ আলীকে জেরা করতে ১৫ জুলাই দিন ধার্য করেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদের মধ্যে মাহাবুব আলী খান ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।