এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলার শুনানি প্রায় পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তাঁর কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আগামী বছরের ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অলির কৌঁসুলি কফিলউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার অলি সাহেবের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। নিরাপত্তাহীনতার কারণে তিনি আজ (গতকাল রোববার) আদালতে হাজির হতে পারেননি, যা আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি।’ প্রসঙ্গত, ১৯ নভেম্বর একটি দৈনিকে প্রকাশিত অলির বক্তব্যের সূত্র ধরে চন্দনাইশের আফতাব মাহমুদ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অলির বিরুদ্ধে মানহানির মামলা করেন। শুনানির পর গতকাল দুপুরে আদালত চত্বরে এলডিপির নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেন। এ সময় তাঁরা অলির ওপর হামলাকারীদের বিচার দাবি করেন।এদিকে মহিলা সাংসদ সম্পর্কে কটূক্তির প্রতিবাদে সাতকানিয়া বঙ্গবন্ধু পরিষদ ও মহিলা আওয়ামী লীগ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে অলিকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়। বিবৃতিদাতারা হলেন: শফিকুল ইসলাম, প্রবীর পাল, রাশেদা বেগম, নুরুন্নাহার প্রমুখ।