পরবর্তী শুনানি ২০ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ মে। গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও হরতালের কারণে শুনানি হয়নি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী জানান, সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও জামায়াতে ইসলামের চট্টগ্রামে হরতাল ডাকার কারণে শুনানি হয়নি। ২০ মে পরবর্তী দিন ধার্য করা হয়।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।