পরবর্তী শুনানি ২২ এপ্রিল
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ২২ এপ্রিল। গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। নিহত হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার জানান, মামলায় বাদীসহ দুইজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গতকাল বুধবার শুনানির দিন ধার্য থাকলেও বিচারক না থাকায় শুনানি হয়নি। ২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে।