চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। পরে ২৭ মে সাক্ষীকে জেরার দিন ধার্য করেন আদালত। এ নিয়ে মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সভাপতি ইসমাঈল হোসেন তাঁর সাক্ষ্যে আদালতকে বলেছেন, হিমাদ্রী শিকড়ের সদস্য ছিলেন। নগরের পাঁচলাইশ এলাকায় মাদকের বিরোধিতা করায় আসামিরা তাঁকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেন। পরে পুলিশ জার্মানির কুকুরগুলো জব্দ করে। ওই জব্দ তালিকায় সাক্ষী ছিলেন ইসমাঈল। মৃত্যুর পর হিমাদ্রীর সুরতহাল প্রতিবেদনের জব্দ তালিকায়ও সাক্ষী ছিলেন তিনি। হিমাদ্রী হাসপাতালে ঘটনার বর্ণনা দিয়ে যে জবানবন্দি দিয়েছিলেন তা মুঠোফোনে সংরক্ষণ করেন তাঁদের বন্ধু এহতেশামুল হক কাশফী। ওই সময়ও হাসপাতালে উপস্থিত ছিলেন ইসমাঈল।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।