পরবর্তী শুনানি ২৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে মারার হত্যা মামলার এক সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

গতকাল রোববার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মংয়ের আদালতে সাক্ষী স্থানীয় সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরীকে জেরা করা হয়। পরে আদালত ২৮ এপ্রিল দুই সাক্ষীকে জেরার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, স্থানীয় সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী জেরাকালে আদালতকে জানান, আসামি আমিন চেয়ারম্যানসহ অপর আসামিরা গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুনে পুড়ে যায় শীল পরিবারের ১১ জন। তাঁদের ভিটেছাড়া করতেই আসামিরা আগুন ধরিয়ে দেন।

তবে আসামিপক্ষের আইনজীবীরা জেরাকালে দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে। এটি নিছক ডাকাতি।

২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।