চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৬ জানুয়ারি।
গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে এক আসামির আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য থাকলেও তা হয়নি।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আদালত আগামী বছরের ৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন।
নিহত হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামিপক্ষ একই কথা বারবার বলে সময়ক্ষেপণ করছে। এ কারণে এখনো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে সে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনায় হিমাদ্রীর মামা অসিত কুমার পাঁচলাইশ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।