পরবর্তী শুনানি ৭ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যা করার ঘটনায় করা মামলার পরবর্তী শুনানি আগামী ৭ মে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে সাক্ষী এহতেশামুল চৌধুরীকে আসামিপক্ষের আইনজীবীর জেরা শেষে এ দিন ধার্য করা হয়।

২২ এপ্রিল এহতেশামুল সাক্ষ্যে আদালতকে জানিয়েছিলেন, এলাকায় মাদকের বিরোধিতা করার প্রতিশোধ নিতে এ মামলার প্রধান আসামি শাহ সেলিমের নির্দেশেই অন্য আসামিরা হিমাদ্রীকে বাসায় ডেকে নিয়ে যান। পরে ছাদে হিমাদ্রীর দিকে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর হাসপাতালে হিমাদ্রীর দেওয়া এ বর্ণনা মুঠোফোনে ধারণ করেছিলেন তাঁর বন্ধু এহতেশামুল। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, এহতেশামুলকে আসামিপক্ষের আইনজীবীরা জেরাকালে উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এ মামলায় সাক্ষ্য দিতে এসেছেন বলে দাবি করেন। উত্তরে এহতেশাম তা সত্য নয় বলে জানান আদালতকে। আইনজীবীরা মুঠোফোনে ধারণ করা ওই বক্তব্য হিমাদ্রীর নয় বলে মন্তব্য করলে সাক্ষী বলেন, ‘এটি হিমাদ্রীরই জবানবন্দি।’

২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। হিমাদ্রী ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।