পরবর্তী শুনানি ৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী আবু তৈয়বকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত ৮ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।
গত মঙ্গলবার মামলার সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব আদালতকে জানান, ঘটনার পর কয়েকজন বন্ধুসহ হাসপাতালে অসুস্থ হিমাদ্রীকে দেখতে যান তাঁরা। সেখানে হিমাদ্রী আসামিরা তাঁকে কীভাবে নির্যাতন করেছে তার বর্ণনা দেন। সেই বর্ণনাটি রেকর্ড করা হয়।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, সাক্ষী আবু তৈয়বকে আসামি শাহ সেলিম টিপু, জাহিদুল ইসলাম শাওন ও শাহাদাত হোসাইনের আইনজীবী জেরা করেছেন। জেরাকালে ওই সাক্ষী নিহতের পরিবার দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে এসেছেন। হিমাদ্রীর নির্যাতনের বর্ণনাটি রেকর্ড করেননি। আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন আইনজীবীরা। উত্তরে সাক্ষী আবু তৈয়ব জানান, কারও দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে আসেননি তিনি। আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত, তা হাসপাতালে হিমাদ্রী তাঁর বর্ণনাতে উল্লেখ করেছেন।
অতিরিক্ত পিপি আরও জানান, আগামী ধার্য দিনে পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ সাক্ষীকে জেরা করবেন। এ মামলায় বাদীসহ দুজনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।