পরবর্তী সময়ে লাশপ্রতি দেড় লাখ টাকার ঘোষণা নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী সময়ে আর কোনো নৌ-দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে প্রতিটি লাশের জন্য দেড় লাখ টাকা দেওয়ার ঘোষণা দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া আসার সময় ‘এমভি মোস্তফা’ নামের একটি লঞ্চডুবিতে ৮০ জনের প্রাণহানি ঘটে। ওই ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য গতকাল চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌমন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘শুধু বিচার হলেই দুর্ঘটনা কমবে, এ কথা আমি বিশ্বাস করি না। দুর্ঘটনা কমাতে হলে কারণগুলো চিহ্নিত করে যদি সমাধান করতে পারি, তাহলেই দুর্ঘটনা কমবে।’ তিনি বলেন, ‘আমরা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই শেখ হাসিনার ছয় বছরে দুর্ঘটনা ঘটেছে ৬৬টি। আর খালেদা জিয়ার ছয় বছরে দুর্ঘটনা ঘটেছে ১৪৮টি।’
শাজাহান খান বলেন, ‘আর দুর্ঘটনা ঘটুক, চাই না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে পরবর্তী সময়ে আমরা প্রতিটি লাশের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসকের তহবিল থেকে ২০ হাজার টাকা মিলিয়ে মোট ১ লাখ ৭০ হাজার করে টাকা দেব।’
অনুষ্ঠানে উপস্থিত ৪২ জনের পরিবারের হাতে ৪৪ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব আবদুল আউয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা সাংসদ কামরুন নাহার চৌধুরী প্রমুখ।