পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৭ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৭ এপ্রিল। গতকাল রোববার এ মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখ ছিল। কিন্তু সংশ্লিষ্ট সাক্ষী হাজির হননি। তাই সরকারপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ৭ এপ্রিল ধার্য করেন। এর আগে গত ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন নিহত সাব্বিরের ভগ্নিপতি ও মামলার বাদী এ এফ এম আসিফ। তাঁকে ওই দিন আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফিয়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে সে সময় সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁকে দেশত্যাগে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।