চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় শহীদুল ইসলাম নামের এক চিকিৎসকের সাক্ষ্য ও জেরা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ শুনানি হয়। পরে আদালত আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষী শহীদুল ইসলাম আদালতে জানান, ঘটনার দিন এক ছেলেকে নগরের হলি হেলথ হাসপাতালে কয়েকজন যুবক চিকিৎসার জন্য নিয়ে আসেন। কারা নিয়ে এসেছেন তাঁদের চেনেন না। পরে তিনি জানতে পারেন ছেলেটির নাম হিমাদ্রী মজুমদার। যুবকেরা জানিয়েছেন, বাসার ছাদ থেকে পড়ে ছেলেটি গুরুতর আহত হয়েছে। ছেলেটির চিকিৎসা করা সম্ভব না হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সাক্ষ্য শেষ হওয়ার পর পলাতক ও জামিনে থাকা পাঁচ আসামির আইনজীবী ওই চিকিৎসককে জেরা করেন। জেরাকালে হিমাদ্রীকে ওই চিকিৎসক চেনেন না বলে দাবি করেন। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, চিকিৎসকের সাক্ষ্য ও জেরা শেষ হওয়ায় আগামী ধার্য দিনে দ্বাদশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১১ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।