পরবর্তী সাক্ষ্য সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার দ্বাদশ সাক্ষী নুর উদ্দিন রাজের জেরা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত আগামী সোমবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে সাক্ষী নুর উদ্দিন রাজ তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন। এ বক্তব্যের জের ধরে পাঁচ আসামির আইনজীবী তাঁকে জেরা করেন। হিমাদ্রীর সঙ্গে কবে থেকে পরিচয়, হিমাদ্রী মাদকবিরোধী সংগঠন শিকড়ের সদস্য কি না, জানতে চান আইনজীবীরা। উত্তরে সাক্ষী বলেন, হিমাদ্রী শিকড়ের সক্রিয় সদস্য। মাদকের বিরোধিতা করায় তাঁকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে তিনি জেনেছেন।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।