চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় বাদীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ সাক্ষ্য নেন। পরে ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, মামলার বাদী নিহতের ভাই আজিজ উদ্দিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। জেরাকালে নাছির ও বাকি আসামিরা এ ঘটনায় জড়িত নন দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা।
উত্তরে বাদী বলেন, মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। রাজনৈতিভাবে হয়রানি করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে দাবি করা হলে বাদী বলেন, যাঁরা খুনের ঘটনায় জড়িত তাঁদের আসামি করেছে পুলিশ। ১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়।